২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য, স্বামীর আত্মহত্যা, পিটুনিতে স্ত্রীর মৃত্যু, আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশ নির্বিকার

পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের মুখে প্রাণ দিতে হলো এক দম্পতিকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলাপাড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

পড়শি খলিল দুয়ারি গংয়ের হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত হাছিনা বেগম (৪০) মঙ্গলবার বিকেলে মারা যান। দুই মাস আগে ওই সন্ত্রাসীদের হাতেই জুতা পেটা হয়ে ক্ষোভে - দুঃখে আত্মহত্যা করেন হাছিনা বেগমের স্বামী রশিদ সরদার। খাপড়াভাঙ্গা ইউনিয়নের ইউসুফপুরে বিয়োগান্তক এই ঘটনাটি ঘটে।

ঘটনার এখানেই শেষ নয়। ছেলে আনোয়ার হোসেন মায়ের মৃত্যুর পর লাশের ময়নাতদন্তের জন্য পুলিশের শরণাপন্ন হয়েও সাহায্য পায়নি। অবশেষে তাকে আদালতের দ্বারস্থ হলে  বুধবার কলাপাড়া থানাকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন আদালত।

জানা গেছে, বাবাকে অপমান করে আত্মহননে প্ররোচিত করা এবং মাকে বেধড়ক মারধরের প্রতিকার চেয়ে ছেলে আনোয়ার হোসেন গত ১৭ জুলাই উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্টে খলিল দুয়ারিসহ ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আদালত ১৮ জুলাই কলাপাড়া থানার ওসিকে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার আদেশ দেন।

কিন্তু পুলিশ কোন আসামী গ্রেফতার তো দূরের কথা মামলাটি রেকর্ডই করেনি। পরে আহত হাছিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সালিশের নামে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসতে বাধ্য করে সন্ত্রাসীরা। গত সোমবার হাছিনা বেগমকে বাড়িতে আনার পর মঙ্গলবার তিনি মারা যান। পুলিশকে এ ব্যাপারে অবহিত করার পরও ময়নাতদন্তের কোন উদ্যোগ নেয়নি পুলিশ।

আনোয়ার হোসেন মায়ের লাশ নানার বাড়িতে রেখে বুধবার ফের আদালতের দ্বারস্থ হলে আদালত কলাপাড়া থানাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন।

এ ব্যাপারে কুয়াকাটা পুলিশ ফাড়ির ইনচার্জ হেমায়েত উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের ব্যাপারে কিছু বলতে রাজী হননি। শুধু জানান, একটি ইউডি কেস হয়েছে এবং লাশ ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।