২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর সাথে দেখা করার অনুমতি এবং ধর্মীয় পুস্তক চেয়েছেন সাবজেলে আটক দুই জঙ্গি নেতা

রাজধানীর মিরপুরের সাবজেলে আটক জেএমবি’র সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই তার স্ত্রী’র সাথে দেখা করার আবেদন করেছেন কারা কর্তৃপক্ষের কাছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এ ছাড়া সাবজেলে আটক অপর শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই দুজনই জেল কর্তৃপক্ষের কাছে কয়েকটি ধর্মীয় বই, কাগজ---কলম এবং খাবারের জন্য ফল চেয়ে আবেদন করেছেন।

তবে কারা কর্তৃপক্ষ বাংলা ভাইয়ের এই আবেদন খারিজ করে দিয়েছেন বলে জানা গেছে। বাংলা ভাইয়ের স্ত্রী বর্তমানে ময়মনসিংহের কারাগারে আটক রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র শীর্ষ নেতারা পড়ার জন্য তাফসীরে ইবনে কাসির, হিসনুল মুসলিম, বঙ্গানুবাদ সম্বলিত কোরআন শরীফ এবং সালাতুল রসুল বা নামাজের নিয়মাবলী সম্বলিত বই চেয়ে আবেদন করেন।

এর মধ্যে বাংলা ভাই কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন যে, “সালাতুল রসূল” বইটি যেন তার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়।

জঙ্গি নেতাদের বই সরবরাহের আবেদন নীতিগতভাবে অনুমোদন করেছেন কারা কর্তৃপক্ষ। তবে খাবারের সাথে ফল সরবরাহের বিষয়টির অনুমোদন দেননি তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক কারা কর্মকর্তা বিডিনিউজকে জানান, ইতোমধ্যে বইগুলো কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে।

তবে জঙ্গি নেতাদের কাগজ - কলম সরবরাহ করা হবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

কারা কর্তৃপক্ষ বলেন, বাংলা ভাই তাদের বলেছেন যে কারাগারে বিভিন্ন ধরনের আসামিদের সিগারেট খেতে দেওয়া হয়। তারা সিগারেটের বদলে ফলমূল খেতে চান।

ইসলামী ফাউন্ডেশন বই বিক্রয় কেন্দ্রের এক বিক্রেতা বুধবার জানান, তাফসীরে ইবনে কাসির গ্রন্থটি ১১ খন্ডে বিভক্ত। এর দাম ২,২০০ টাকা। এর লেখক ইমাম আবুল ফিদা ঈসমাইল কাসির (র)। এতে মূলত কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে।

হিসনুল মুসলিম গ্রন্থটি রিয়াদের ইসলামী গবেষণা দপ্তর থেকে প্রকাশিত। এটি দৈনন্দিন দোয়ার সমাহার। এটি বিনামূল্যে বিতরণের জন্য প্রকাশিত হলেও বাজারে এর দাম ২০ টাকা।