২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে উপবৃত্তির টাকা না পেয়ে ছাত্রীদের বিক্ষোভ: অধ্যক্ষের কক্ষে তালা

চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রীরা উপবৃত্তির টাকা না পেয়ে মঙ্গলবার বিক্ষোভ করে এবং অধ্যক্ষের কক্ষসহ অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বিক্ষোভরত ছাত্রীরা জানায়, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ২৮৬ জন ছাত্রীর মধ্যে গত ৩ ও ৬ আগস্ট কয়েকজনকে উপবৃত্তির টাকা দেওয়া হয়। প্রায় আড়াই শ ছাত্রী উপবৃত্তির টাকা পায়নি। কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে।

ছাত্রীরা আরো জানায়, বেসরকারী কলেজের সবাইকেই উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. কবীরুল ইসলাম জানান, উপবৃত্তির টাকা কর্তনের ব্যাপারে সম্পূর্ণ কর্তৃত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের। তাদের দেয়া নিয়মের ভিত্তিতেই টাকা বন্টন করা হচ্ছে। তারা শুধু তালিকা পাঠায়। সেই তালিকার ভিত্তিতে শিক্ষা অফিস টাকা পাঠায়।

তিনি আরো বলেন, বরাদ্দকৃত টাকার অধিকাংশই ফেরত গিয়েছে শর্ত পূরণ না হওয়ায়।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান জানান, সরকার নির্ধারিত বিধি মোতাবেক উপবৃত্তির টাকা ছাত্রীদের প্রদান করা হয়। এই নিয়ম শুধু নবাবগঞ্জ সরকারী কলেজ নয়, সবার জন্যই প্রযোজ্য।