২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ আগস্ট বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস

৯ আগস্ট, বুধবার আর্ন্তজাতিক আদিবাসী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘আদিবাসী অঞ্চল, ভুমি ও প্রাকৃতিক সম্পদের উপর আদিবাসীদের অধিকার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম (বিএএফ)সহ বিভিন্ন সংস্থা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটির কর্মসূচির মধ্যে রয়েছে আদিবাসী ফোরামের উদ্যোগে মিছিল এবং মিছিল শেষে সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী সমাবেশ।

পরে বিকাল চারটায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আদিবাসী হস্তশিল্প প্রদর্শনী এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে রাজধানীতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা ১৯৯৬ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের অধিকার সংক্রান্ত আইএলও’র ১০৭ নং কনভেনশন বাস্তবায়নসহ তাদের ১১ দফা বাস্তবায়নের দাবী জানান।

এ ছাড়া স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর জোট সিএলএনবি বেলা ১১টায় নগরীর মুক্তাঙ্গনে একটি সমাবেশের আয়োজন করেছে।

প্রসঙ্গত বিশ্বের ৭০টি দেশের ৩৭ কোটি আদিবাসী জনগণের অধিকার সম্পর্কে সচেতন করতে ২০০৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত ৪৯/২১৪ নং প্রস্তাব অনুযায়ী ৯ আগস্টকে আর্ন্তজাতিক আদিবাসী দিবস ঘোষণা করা হয়।

এ ব্যাপারে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ১৯৯৫-২০০৪ সালকে আদিবাসীদের জন্য প্রথম আর্ন্তজাতিক দশক হিসেবে ঘোষণা করে। এই দশকের প্রতিপাদ্য ছিলো ‘ আদিবাসী জনগণ: কর্মে অংশীদারিত্ব’।

এক দশক পর জানুয়ারি ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়কে আবার জাতিসংঘ দ্বিতীয় আর্ন্তজাতিক আদিবাসী দশক ঘোষণা করে। দ্বিতীয় আদিবাসী দশকের প্রতিপাদ্য হলো ‘আদিবাসী জনগণ: মর্যাদাপূর্ণ অংশীদারিত্ব’।

কিন্তু বাংলাদেশের ৪৫টি গোষ্ঠির প্রায় আড়াই লাখ আদিবাসীকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবী এখন পর্যন্ত পূরণ করা হয়নি। জাতিসংঘের মানবাধিকার পরিষদে চলতি বছরের জুন মাসে আদিবাসী জনগণের অধিকার শীর্ষক একটি ঘোষণা গ্রহণ করা হয়। কিন্তু বাংলাদেশসহ অপর নয়টি দেশ ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে।