লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সংলগ্ন বকেরবাড়ি নোম্যান্স ল্যান্ড এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মঙ্গলবার সকালে দুইজন নিহত হয়েছে।
নিহতরা ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
বিএসএফ জোয়ানরা নিহতদের লাশ নিয়ে গেছে। ফলে তাদের পরিচয় জানা যায়নি। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সূত্র এ খবর দিয়েছে।
বিডিআর - ১৯ ব্যাটালিয়নের লে. কর্নেল সাফায়াত সাংবাদিকদের জানান, বিএসএফ - ১২২ ব্যাটালিয়নের একটি টহল দল মঙ্গলবার ভোর ৩ টার দিকে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে সীমান্ত পার হওয়ার সময় বকেরবাড়ির ৮৬২ নম্বর সীমান্ত পিলারের কাছে দুইজন মারা যায়।
নিহতরা বাংলাদেশী নয় বলে লে. ক. সাফায়াত নিশ্চিত করেছেন।
বিডিআর কর্মকর্তারা জানান, বিএসএফ তাদের বাংলাদেশী মনে করেই গুলি করে থাকবে।
এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে । দু দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
