২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে র‌্যাবের হাতে বাস চালক প্রহৃত হওয়ার ঘটনায় যান চলাচল বন্ধ

র‌্যাবের হাতে এক বাস চালকের প্রহৃত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর যানবাহন ফেলে রেখে প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 12:41 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

প্রত্যক্ষদর্শী ও বাস শ্রমিক ইউনিয়ন জানায়, সকাল ৭ টার দিকে শহরের প্রধান বাসস্ট্যান্ডের সামনে শাওন পরিবহনের একটি বাস হঠাৎ বিকল হয়ে গেলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এ সময় বাসের পিছনে থাকা র‌্যাবের একটি গাড়ি থেকে কয়েকজন র‌্যাব সদস্য নেমে এসে বাসের চালক আব্দুস সালামকে মারধর করে। এ ঘটনার পর উত্তেজিত বাস শ্রমিকরা প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।

সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব ও পুলিশের সাথে শ্রমিক নেতৃবৃন্দের আলোচনার পর ব্যারিকেড তুলে নেয়া হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।

সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক চলছে বলে জানা গেছে।