ফরিদপুরে সর্বহারা পার্টির নামে টেলিফোনে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ
ফরিদপুরে সর্বহারা পার্টির নামে চলছে ব্যাপক চাঁদাবাজি। আর এ চাঁদাবাজির মূল টার্গেট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। তবে অন্য সম্প্রদায়ের শিক্ষক এবং ডাক্তারও এই চাঁদাবাজির হাত থেকে রেহাই পাচ্ছেন না।
জানা যায়, গত এক মাসে ফরিদপুরে প্রায় ৬০টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। চাঁদাবাজির শিকার ফরিদপুর শহরের সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রবীণ শিক্ষক নাম প্রকাশ নাম করার শর্তে বলেন, তার কাছে পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্যরা টেলিফোনে চাঁদা দাবি করে জানিয়েছে, তাদের অসুস্থ একজন নেতা ভারতের চেন্নাইতে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার প্রয়োজন। এ কারণে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এ ছাড়াও শহরের চকবাজার এলাকার একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেছেন, তাদের কাছেও চাঁদা দাবি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই দাবি পূরণ করেছেন। অনেকেই আবার তাদের সঙ্গে চাঁদার টাকা নিয়ে দর কষাকষি করে টাকার অংক কমিয়েছেন। তবে পুলিশ বা কাউকে এ চাঁদাবাজির কথা প্রকাশ না করতে চাঁদাবাজরা শাসিয়ে দিয়েছে বলে তারা জানান।
ফরিদপুরের পুলিশ সুপার আনোয়ার কামাল টেলিফোনে চাঁদাবাজির কথা স্বীকার করে বলেন, এসব ঘটনার কথা তার কানেও এসেছে। তবে চাঁদা দেওয়াটা মোটেও ঠিক হচ্ছে না। কারণ এতে করে চাঁদাবাজরা আশকারা পেয়ে যাচ্ছে। এর পেছনে মাদকাসক্তরা জড়িত থাকতে পারে বলে তার ধারণা।
তিনি জানান, পুলিশ টেলিফোন বিভাগকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তারা নিজেরাও সতর্ক রয়েছেন বলে জানান।
