২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় ’ক্রসফায়ারে’ নিহত ৩

ঢাকা, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় রোববার ভোরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সাথে পৃথক পৃথক ক্রসফায়ারে কথিত তিনজন সন্ত্রাসী মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহত তিনজনের মধ্যে কুষ্টিয়ার আব্দুল রহিম ওরফে গোপাল (২৯) কুষ্টিয়ার বিপ্লবী কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা আসলাম বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড বলে র‌্যাব দাবি করেছে। নিহত অন্য দুইজন হলেন ঢাকার মাসুদ রানা ও চট্টগ্রামের রবিউল ওরফে সুরুত্যা।

র‌্যাবের দাবি রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় একদল সন্ত্রাসীর সাথে র‌্যাবের ক্রসফায়ারে মারা গেছে মাসুদ রানা । র‌্যাব সূত্র জানায়, অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতারের জন্য আগে আটক করা মাসুদকে নিয়ে র‌্যাবের একটি দল নাখালপাড়ার কমিশনার বাজারে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথেই মাসুদের সঙ্গীরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এরই একপর্যায়ে মাসুদ র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি রিভলবার উদ্ধার করেছে।

মাসুদের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজের চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামের বোয়ালখালির মিলিটারি পুল এলাকায় রবিউল ওরফে সুরুত্যা নামে কথিত এক সন্ত্রাসী মারা গেছে। র‌্যাব জানায়, রবিউলকে গ্রেফতার করে তার সঙ্গীদের আটক ও অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে মাঝ রাতের দিকে মিলিটারিপুল এলাকায় অভিযান চালানো হয়েছিলো।

র‌্যাবের দাবি, মিলিটারিপুলে পৌঁছানোর পর রবিউলের সহযোগীরা র‌্যাব সদস্যদের উপর গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুরি ছোঁড়ে। এ বন্দুক যুদ্ধের এক পর্যায়ে রবিউল পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি পিস্তল উদ্ধার করেছে।

র‌্যাব জানায় রবিউলের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে।

বিডিনিউজের কুষ্টিয়া প্রতিনিধি জানান, শনিবার রাত ১০ টার দিকে র‌্যাব খুলনা-৬ এর চুয়াডাঙ্গা ইউনিটের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় অভিযান চালিয়ে গোপাল এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করে।

র‌্যাব অফিসে এনে জিজ্ঞাসাবাদের পরে তাকে কুষ্টিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব- ১২’র কুষ্টিয়া কোম্পানি দাবি করে, গোপালের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার ও সহযোগীদের আটকের জন্য তারা সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে পৌঁছালে আগে থেকে অবস্থান নেয়া গোপালের সহযোগীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের এক পর্যায়ে পালাতে গিয়ে গোপাল গুপিলবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

র‌্যাব ঘটনাস্থর থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব জানায় গোপাল হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামী।