নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ নিহত ৪, আহত ১০
জেলার চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ পাঁচজন নিহত ও ১০জন আহত হয়েছে।
চাটখিল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরকোট ইউনিয়নের রেজ্জাকপুর নামক স্থানে বিকেল ৫টায় রামগঞ্জের করপাড়া থেকে চাটখিল যাওয়ার পথে যাত্রীবাহী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোনিয়া(৪), রিহমা আক্তার (৩৫) ও টিপু (২৯) মারা যায় এবং অপর চার যাত্রী আহত হন। আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার চৌশুহনী - লক্ষ্মীপুর সড়কের বাংলাবাজার নামক স্থানে বিকেল ৫টায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এক ট্রাক শ্রমিক নিহত ও ছয়জন আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর থেকে চৌমুহনীগামী ট্রাকটি বাংলাবাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি টেম্পোকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
