চট্টগ্রামে মাদ্রাসায় বহিরাগতদের হামলায় ১৫ জন আহত
বহিরাগত সন্ত্রাসীদের হামলায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের নানুপুর উবায়দিয়া কওমী মাদ্রাসার ১৫ জন ছাত্র আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, ওই মাদ্রাসার অধ্যক্ষের ছেলে সিহাবুদ্দিনের সাথে জেএমবি নেতার সম্পর্ক রয়েছে বলে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
ময়মনসিংহের ভালুকায় গ্রেপ্তারকৃত জঙ্গি নেতা আব্দুর রউফের ছবি ও সংবাদপত্রের ওই সংবাদ নিয়ে মাদ্রাসার দুই ছাত্র আলোচনা করার সময় দুর্বৃত্তরা হামলা চালায়। এতে মাদ্রাসায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জামির এ ঘটনা জানতে পেরে ওই দুই ছাত্রের ওপর ক্ষুব্ধ হন। আমিনুল্লাহ ও আল আমিন নামের ওই ছাত্রকে তিনি বহিষ্কারের আদেশ দেন।
এছাড়াও মাগরিব নামাজের পর অধ্যক্ষের ছেলে সিহাবুদ্দিন মাদ্রাসায় ঢুকে নোমান নামের এক ছাত্রকে মারধর করে।
পরে রাত সাড়ে দশটার দিকে সিহাবুদ্দিনের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী মাদ্রাসায় ঢুকে ছাত্রদের ওপর আবারো হামলা চালায়। এতে আরো ১৫ জন আহত হয়।
এ ব্যাপারে মাদ্রাসার ছাত্র ও হামলাকারি দুপক্ষের পক্ষ থেকেই ফটিকছড়ি থানায় অভিয়োগ দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার কথা স্বীকার করে বলেছেন, দীর্ঘ দুবছর ধরে বিবদমান দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
