আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ: ৫০০ মেগাওয়াট বিদ্যুত ঘাটতি
ব্রাহ্মনবাড়িয়া আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রে ২৩০ কেভি সঞ্চালন লাইনের ত্রুটির কারণে শুক্রবার সকালে ৩ নং ও ৪ নং ইউনিট বন্ধ হয়ে যায়।
এ নিয়ে এই বিদ্যুত কেন্দ্রের মোট চারটি ইউনিট বন্ধ হলো। ফলে জাতীয় গ্রীডে ৫০০ মেগাওয়াট বিদ্যুত ঘাটতি দেখা দিয়েছে।
জানা গেছে, আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রে শুক্রবার সকাল সাড়ে ৮টায় ৩০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে সক্ষম তিন এবং চার নং ইউনিট ২৩০ কেভি সঞ্চালন লাইনের ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।
৬৪ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে সক্ষম ২ নং ইউনিট বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যায়। এর আগে ১৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে সক্ষম ৫ নং ইউনিট ওভার হোলিং এর জন্য বন্ধ হয়ে যায়।
ফলে জাতীয় গ্রীডে আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রে ৫০০ মেগাওয়াট বিদ্যুত ঘাটতি রয়েছে।
আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের একটি সূত্র জানায়, ২৩০ কেভি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে ৩ ও ৪ নং ইউনিট বন্ধ হয়ে গেলে কয়েক ঘন্টা পর সঞ্চালন লাইনের ত্রুটি সারানো সম্ভব হলেও ইউনিটগুলোর রেকটি ফায়ার ত্রুটির কারণে উৎপাদন সম্ভব হচ্ছে না।
আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুর রহমান বিডিনিউজকে জানান, রেকটি ফায়ারের ত্রুটি সারানোর চেষ্টা চলছে। দুএক দিনের মধ্যেই ইউনিটগুলো চালু করা যাবে।
প্রসঙ্গত, আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের আটটি ইউনিটের উৎপাদন ক্ষমতা হচ্ছে, ৭২৪ মেগাওয়াট। এরমধ্যে ৫০০ মেগাওয়াট উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং বেড়ে গেছে।
