ঢাকার মুক্তাঙ্গনে রোববার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাঅবস্থান
দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রোববার ঢাকার মুক্তাঙ্গনে মহাঅবস্থানে অংশ নেবেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোট শুক্রবার এক সংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয়।
ঢাকা মেট্রোপলিটন স্কাউট ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সেলিম ভূইয়া জানান, এছাড়াও চলমান শিক্ষক আন্দোলন, শিক্ষাক্ষেত্রে অভিন্ন সমস্যা ও অবস্থান নিয়ে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।
তিনি রোববার বিকাল ৩ টায় দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ঢাকার মুক্তাঙ্গনে মহাঅবস্থানে অংশ নিতে চিড়া, গুড়, মুড়ি গামছা ছাতা নিয়ে ঢাকার পথে রওয়ানা দেওয়ার আহবান জানান।
৬ আগস্ট রোববারের মধ্যে দাবি পূরনের ঘোষণার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে মো. সেলিম তার লিকিত বক্তব্যে বলেন, ৬ আগস্ট রোববারের মধ্যে টাকা না দিলে সোমবার (৭ আগস্ট) ঢাকা শহর শিক্ষকদের মিছিলে পরিণত করা হবে।
তিনি জানান, সোমবার (৭ আগস্ট) গাবতলী থেকে দোয়েল চত্বর খুলনা বিভাগ, উত্তরা থেকে মৎস ভবন পর্যন্ত রাজশাহী বিভাগ, চিটাগাং রোড থেকে গুলিস্তান পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগ, সদরঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বরিশাল বিভাগের মিছিল হবে।
অধ্যক্ষ সেলিম বলেন, শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি শিক্ষা ও শিক্ষকদের সমস্যা নিরসনে শিক্ষকদের চাকরি জাতীয়করণের ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।
এরিয়ারসহ শতকরা ১০ ভাগ বর্ধিত বেতন, বর্তমান স্কেলে চিকিৎসা ভাতা ও প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ২৫ বছরের কেড়ে নেওয়া সুবিধা পুনর্বহাল, সম্মানজনক বাড়িভাড়া, কর্মচারীদের চাকুরীবিধি, যোগ্যদের প্রাপ্য এমপিও প্রদান, ২০০৫ এর ৮ জানুয়ারি জারিকৃত নয়টি কালাকানুন প্রত্যাহারসহ ফ্রন্টের আট দফা দাবিতে শিক্ষক কর্মচারীগণ ধর্মঘট পালন করছেন।
ঐক্যজোটের সাংবাদিক সম্মেলনে জোটের আহবায়ক কাজী আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ সি.এম. মাহমুদ, মাওলানা এম. এ. লতিফ যুগ্ম আহবায়ক, প্রিন্সিপাল রেজাউল করিম, অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
