ডেমরায় হাতকড়া লাগানো যুবকের মৃতদেহ উদ্ধার
রাজধানীর ডেমরা থানার সাইনবোর্ড এলাকার একটি জলাভূমি থেকে বৃহস্পতিবার হাতকড়া পরা এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রহস্যজনক এ ঘটনায় ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন জলাভূমিতে ওই মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ প্রায় ৩০ বছর বয়সী নিহত যুবকের পকেট থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করেছে। এতে মোহাম্মদ লিটন নাম লেখা রয়েছে। লিটন সাভারের একটি গার্মেন্ট কারখানার নিটিং অপারেটর বলে উল্লেখ করা হয়েছে।
তবে ওই কার্ডের মালিক লিটনকে পুলিশ জীবিত অবস্থায় খুঁজে পেয়েছে। তবে লিটন ওই যুবককে সনাক্ত করতে পারেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই যুবক চার থেকে পাঁচ দিন আগে খুন হয়েছে। মাথায় গুরুতর জখমের কারণেই তার মৃত্যু হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের পূর্ব অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) মাহবুবুর রহমান ঘটনাটিকে রহস্যজনক হিসেবে উল্লেখ করে বলেছেন, হাতকড়া পরা অবস্থায় মৃত্যুর বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে ডিসি জানান, রাজধানীর বিভিন্ন মার্কেটে হাতকড়া কিনতে পাওয়া যায়। পুলিশকে বিভ্রান্ত করতে হয়তো ঘাতকরা তাকে হত্যার আগে বা পরে হাতকড়া পরিয়ে থাকতে পারে।
