ঝালকাঠিতে বিদ্যুত অফিস ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
ঝালকাঠিতে অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে বিদ্যুৎ অফিস ভাংচুরের অভিযোগে জেলা ছাত্রলীগ নেতাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ঝালকাঠি বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী ইমদাদুল হক বাদি হয়ে বুধবার রাতে ঝালকাঠি সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় এজাহারভূক্ত আসামিরা হলেন ঝালকাঠি চেম্বার অফ কমার্সের সভাপতি বিদ্যুৎ সংকট প্রতিরোধ কমিটির আহবায়ক মাহবুব হোসেন, ব্যবসায়ী আবু সাঈদ খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ কর্মকার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক বিপুল লস্কর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরদারসহ আরও অজ্ঞাত ৪০/৫০ জন।
উল্লেখ্য, অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে ঝালকাঠির ৩৮টি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত বিদ্যুৎ সংকট প্রতিরোধ কমিটি বুধবার বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে বিদ্যুত অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
এ কর্মসূচির সাথে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা একাত্মতা প্রকাশ করেন।
