জঙ্গি গ্রেপ্তার সরকারের প্রতারণা: শেখ হাসিনা
বিদেশীদের দেখানোর জন্য জঙ্গিদের গ্রেপ্তার করে সরকার প্রতারণা করছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের বুধবার দুইদিন সফরের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা একথা বলেছেন।
বৃহষ্পতিবার সকালে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময় সভায় শেখ হাসিনা এ সরকারকে জঙ্গি তোষণ ও পালনকারী বলে মন্তব্য করেছেন। এসময় ঝিনাইদহ জেলা, থানা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা আরও বলেন, “জঙ্গি সন্ত্রাসীদের সব নিয়ন্ত্রণ সরকারের হাতেই রয়েছে। চারদলীয় জোট সরকারই জঙ্গিদের স্রষ্টা ও লালন-পালনকারী। যখন প্রয়োজন মনে করে তখনই তাদের গ্রেপ্তার করে সরকার জনগণ ও বর্হিবিশ্বের সামনে জঙ্গি বিরোধী বলে নিজেদের জাহির করে।”
তিনি আরও বলেন, “জোট সরকার আটককৃত জঙ্গিদের জামাই আদরে রেখেছে। আগামী নির্বাচনে উগ্রপন্থী সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে সরকার ক্ষমতায় যেতে চায়। আগামীতে জনগণের ভোট পাবে না জেনেই চার দলীয় জোট ষড়যন্ত্র ও কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।”
এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার পরামর্শ দেন শেখ হাসিনা।
শেখ হাসিনা নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় গিয়ে জোট সরকারের কর্মকান্ডের চিত্র তুলে ধরার পরামর্শ দেন নেতাকর্মীদের।
শেখ হাসিনা বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া আগামী নির্বাচনে হতে দেওয়া হবে না। দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে কাজ করতে হবে।
