হাইকোর্টে জেএমবি কমান্ডার মামুন এর স্বীকারোক্তিমূলক জবানবন্দী পড়ে শোনানো হয়েছে
হাইকোর্টে জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ঝালকাঠি জেলা কমান্ডার ইফতেখার হাসান আল মামুন এর স্বীকারোক্তিমূলক জবানবন্দী বৃহস্পতিবার পড়ে শোনানো হয়েছে।
বিচারপতি আলী আসগর খান ও বিচারপতি এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ বেঞ্চে শুনানির তৃতীয়দিনে মামুনের জবানবন্দী ছাড়াও অন্য সাক্ষীদের সাক্ষ্য পড়ে শোনানো হয়েছে।
“পেপার বুক” এ সংকলিত মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামুন ঝালকাঠিতে দুই বিচারককে হত্যার ঘটনা বর্ণনা করে। মামুন জানিয়েছে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান এবং তার ডেপুটি সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইএর কথায় উদ্বুদ্ধ হয়েই সে ওই কাজ করে।
এর মধ্যে আদালতে দুই বিচারক হত্যার চার্জশিট ও এজাহারসহ নানা নথিপত্র উপস্থাপন করা হয়।
গত ২৯ মে, বরিশালের একটি আদালত দুই বিচারক হত্যার দায়ে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই এবং মামুনসহ সাত জঙ্গিকে মৃত্যুদন্ড প্রদান করেন। গত বছরের ১৪ নভেম্বর দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ ঝালকাঠিতে নিজেদের বাসার সামনে বোমা হামলায় নিহত হন।
এই মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাত জেএমবি সদস্যের শুনানি করতে অগ্রাধিকার ভিত্তিতে“পেপার বুক” তৈরি করা হয়েছে।
সরকারের পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা মামলা পরিচালনা করেন।
রোববার আদালতে আবার পেপার বুক পাঠ শুরু হবে।
