যশোর ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সিদ্ধান্ত
অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সরকার বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে। বুধবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় পানি সম্পদ সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
পানি সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সিদ্ধান্তগুলো হচ্ছে জরুরী ভিত্তিতে অভয়নগর উপজেলার মহাকাল নামক স্থানের সড়ক ও রেল বিভাগের কালভার্ট দু’টি সম্প্রসারণসহ পুনঃনির্মাণ এবং ভৈরব নদী থেকে সৃষ্ট মহাকাল খালটি প্রশস্ত ও গভীর করে পুনঃখনন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহাকাল খালের পুনঃখননের সময় উদ্ভূত সামাজিক সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় জেলা প্রশাসন পূর্ণ সহযোগিতা প্রদান করবে। এ ছাড়া চলমান টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) কার্যক্রম অব্যাহত থাকবে।
আন্তঃমন্ত্রণালয় সভায় সংসদ সদস্য আমিন উদ্দিন, সংসদ সদস্য মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল আলম তরফদার, আইডব্লিউএম এর মূখ্য পরিচালক এমাদউদ্দিন আহমদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. নুরুল আমিন তালুকদার, জেলা প্রশাসক যশোর মো. মজিবুর রহমান প্রমুখ কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
