সীতাকুন্ডে দাহ্য পদার্থবাহী কাভার্ড ভ্যানের সাথে ট্রাক ও বাসের সংঘর্ষ, নিহত ১, অগ্নিদগ্ধ ১৫
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় বৃহস্পতিবার সকালে দাহ্য পদার্থবাহী একটি কাভার্ড ভ্যানের সাথে একটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে একজন নিহত এবং ১৫ জন মারাত্মক দগ্ধ হয়েছে।
নিহতের নাম মোহাম্মদ মোস্তফা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীতাকুন্ড উপজেলার মসজিদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর ওই সড়কে বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, দাহ্য পদার্থবাহী ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা পণ্য বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী অপর একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে দাহ্য পদার্থবাহী ড্রামগুলি বি¯েফারিত হয়ে আগুন লেগে যায়। ট্রাকের ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় তিনটি যানবাহনেই আগুন ধরে যায় এবং ১৫ জন দগ্ধ হয়।
খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
