ভালুকা থেকে আফগান যুদ্ধ ফেরত মাওলানা আব্দুর রউফসহ ২৬ জন জেএমবি জঙ্গি আটক
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জীবনতলা গ্রাম থেকে বুধবার জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র আফগান যুদ্ধে অংশগ্রহণকারী জঙ্গি নেতা মাওলানা আব্দুর রউফসহ ২৬ জন জঙ্গিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
এক ঘন্টা ব্যাপী অভিযানের পর বিকাল ৩ টার দিকে র্যাব--৯ এর সদস্যরা আল - জামিয়াতুল ইসলামিয়া নুরুল উলুম মাদ্রাসা থেকে একজন মহিলাসহ জঙ্গিদের আটক করতে সমর্থ হয়।
অভিযানের সময় মাদ্রাসাটির পরিচালক মাওলানা আব্দুর রউফ জঙ্গিদের প্রশিক্ষন দিচ্ছিলেন।
আটককৃত জেএমবি জঙ্গিরা হল - মাওলানা আব্দুর রউফ এবং তার স্ত্রী সাদেকা খাতুন, কুমিল্লার সাফায়াৎ হোসেন, সাইফুর ইসলাম, শাহাবুদ্দিন, মাসুদুর রহমান ও জামালউদ্দিন,ঝালকাঠির নূর আলম সিদ্দিকী, তোফাজ্জল হোসেন, নিজামুদ্দিন, আফজাল হোসেন, আরশাদুজ্জামান, আব্দুল কাইয়ুম, ফরিদপুরের মাহমুদুল হাসান ও এরশাদ হোসেন, ভোলার ইব্রাহিম, ময়মনসিংহের মাসুদুর রহমান ও কামরুজ্জামান কামাল, বরিশালের মাহমুদুর হাসান সুমন, চাঁদপুরের ইব্রাহিম খলিল, নোয়াখালির মীর হোসেন, শরীয়তপুরের আবুল হাসান ও ওমর ফারুক, পিরোজপুরের ইয়াসিন ।
