২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা ইমামদের কাছে তুলে ধরলেন বাউচার

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার পরিপ্রেক্ষিতে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার বুধবার ইমামদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তার দেশ কাজ করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার দু দিনের সফরে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেন। তিনি উত্তরার হাজী ক্যাম্পে জাতীয় ইমাম প্রশিক্ষণ একাডেমীতে প্রশিক্ষণরত ইমামদের সাথে মতবিনিময় করেন।

জাতীয় উন্নয়নে ইমামদের ভূমিকার আরও জোরদার করার লক্ষ্যে জাতীয় ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং এশিয়া ফাউন্ডেশন ‘লিডার্স আউটরিচ ইনিশিয়েটিভ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। খুলনা থেকে মোট ১২ জন ইমাম এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

খুলনা থেকে আসা মাওলানা এফএম নাজমুস সাউদ বাউচারের সাথে ঘণ্টাব্যাপী বৈঠকের ব্যাপারে বিডিনিউজকে বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে সমস্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে তার দেশের ভূমিকা সম্পর্কে আমরা তার কাছে জানতে চেয়েছি।

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার ব্যাপারে জনগণ বিভিন্ন সময়ে যেসব প্রশ্ন উত্থাপন করে থাকে, সেসবের পরিপ্রেক্ষিতে তারা মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করেন বলে জানান মাওলানা সাউদ।

তিনি বলেন, আমরা শান্তি চাই এবং আমরা কেউই ভোগান্তির শিকার হতে চাই না। কিন্তু বিশ্বের কিছু এলাকায় শান্তি নেই। আমি তাকে এসব বলেছি। বাউচার আমাদের বলেছেন তার দেশ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাস বিরোধী এবং শান্তি প্রতিষ্ঠার লড়াইয়ে তাদের আগ্রাসী ভূমিকা নিতে হচ্ছে।

মতবিনিময় শেষে বাউচার জানান, তাদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সে ব্যাপারে তিনি জেনেছেন।

তিনি বলেন, এটি একটি চমৎকার কর্মসূচি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কীভাবে সাহায্য করতে পারে সে ব্যাপারে তাদের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশ সম্পর্কে জানার জন্য আমি এখানকার লোকজনের সাথে আরও আলোচনা করব।

সাউদ বলেন, জনগণকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করে তোলার ক্ষেত্রে ইমামদের ভূমিকার প্রশংসা করেন বাউচার।

ইমামরা আগামী সাধারণ নির্বাচন সম্পর্কে বাউচারকে প্রশ্ন করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চায় বলে বাউচার ইমামদের জানান।

ইমামদের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, ইউএসএআইডি মিশন ডিরেক্টর জেন ভি জর্জ, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক এম আবুল খায়ের, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

জাতীয় ইমাম সমিতির মহাসচিব কাজী আবু হুরায়রা সাংবাদিকদের বলেন, ইমামরা ইরাক, লেবানন বা ফিলিস্তিনের ব্যাপারে বাউচারকে সরাসরি কোনও প্রশ্ন করেননি। তারা এসব ব্যাপারে বিশ্বের বিভিন্ন স্থানে সংকটের কথা বলে পরোক্ষভাবে প্রশ্ন করেছেন।

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনা, রাজশাহী এবং সিলেটের ৪ হাজার ৮০০ ইমাম তিন দিনের প্রশিক্ষণ নেবেন।

ইমামদের পারিবারিক স্বাস্থ্য সেবা, এইচআইভি/এইডস সচেতনতা ও প্রতিরোধ, প্রাথমিক শিক্ষা, স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।