লেবাননে যুদ্ধ বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও র্যালী
‘যুদ্ধ নয়, শান্তির পক্ষে তোলো আওয়াজ’ এই প্রতিবাদী গানের মধ্য দিয়ে লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা লেবাননের ওপর চাপানো এই যুদ্ধ বন্ধের দাবি জানান।
বুধবার দুপুরে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে শান্তির স্বপক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদী গানে কন্ঠ মেলায় ও পরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন প্রমুখ।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেবাননে বর্বরোচিত হামলা, অবৈধ অনুপ্রবেশ ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ওআইসি ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারসহ নিঃশর্ত যুদ্ধবিরতি এবং মানুষ হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
