২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ে ২ শতাধিক ট্রলারসহ ২ হাজার জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুই শতাধিক মাছ ধরা ট্রলারসহ দুই হাজার জেলে ও মাঝি নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দুপুরে আকস্মিক ঝড়ে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বুধবার সকাল পর্যন্ত পাঁচ শতাধিক মাছ ধরা ট্রলার বরগুনা ও কুয়াকাটা বন্দরে ফিরে এসে এই ট্রলারডুবির কথা জানায়।

ফিরে আসা মাঝি ও জেলেরা বরগুনা মৎস্য সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরীকে জানান, বরগুনা থেকে প্রায় ৪০ কি.মি. দূরে বঙ্গোপসাগরে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে অর্ধ শতাধিক মাছ ধরা ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার এবং জেলে ও মাঝি - মাল্লাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

এদিকে কুয়াকাটার মৎস্য ও ট্রলার ব্যবসায়ী লালমিয়া জানান, কুয়াকাটা মৎস্য বন্দরের বিভিন্ন ব্যবসায়ীর দেড় শতাধিক ট্রলার মঙ্গলবার দুপুরের পর থেকে নিখোঁজ রয়েছে।

জেলে ও মাঝিরা জানান, নিখোঁজ ও ডুবে যাওয়া ট্রলারগুলোর প্রতিটিতে ১০/১১ জন করে জেলে ও মাঝি ছিল। তাদের ভাগ্যে কী ঘটেছে তা কেউ জানে না।

মৎস্য কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, সাগর শান্ত না হওয়া পর্যন্ত নিখোঁজ জেলেদের সন্ধান করা সম্ভব নয়।

এদিকে নিখোঁজ জেলেদের আত্মীয়-স্বজন কুয়াকাটা ও বরগুনা মৎস্য বন্দরে ভিড় জমাতে শুরু করেছে।

উল্লেখ্য সোমবার রাত ৮ টার দিকে সাত শতাধিক মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এর মধ্যে ফিরে আসার সংখ্যা পাঁচ শতাধিক। বাকিগুলো নিখোঁজ।