বরিশালে ৫ লক্ষাধিক টাকার ফেনসিডিল ধ্বংস
বরিশাল নগরীর রূপতলী র্যাব ৮ এর সদর দপ্তর কার্যালয়ে বুধবার সকালে পাঁচ লক্ষাধিক টাকার ফেনসিডিল উদ্ধারের পর ধ্বংস করা হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
র্যাব কর্মকর্তা মেজর মামুন সাংবাদিকদের জানান, ২০০৬ সালের মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত বরিশাল নগরী ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
এ ব্যাপারে কোতয়ালী ও বাবুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু আসামি আটক না হওয়া এবং চিহ্নিত করা সম্ভব নয় বলে আদালত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করে উদ্ধারকৃত ফেনসিডিল ধ্বংস করার আদেশ দেন।
