জাবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, ক্যাম্পাস পরিস্থিতি থমথমে, ২ শতাধিক পুলিশ মোতায়েন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসন এক জরুরি বৈঠকে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটি খুব শীগগিরই প্রতিবেদন দেবে বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদলের দুই গ্রুপের বন্দুকযুদ্ধের পর ক্যাম্পাসে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোন পরিস্থিতি মোকাবিলায় দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের সাথে প্রক্টর এবং সহকারী প্রক্টর এর সাথে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপ উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খানের সভাপতিত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে শিক্ষকসহ ১৫ জন আহত হয়। বুধবার আহত শিক্ষক এবং ছাত্ররা আশঙ্কামুক্ত হয়ে ক্যাম্পাসে ফিরে এসেছেন।
জানা গেছে, ছাত্রদলের বিবাদমান দুটি গ্রুপই কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করে আলোচনার জন্য ঢাকায় গেছেন।
এদিকে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, সহকারী ভিসি এবং প্রক্টর ছাত্রদলের দুই গ্রুপের সাথে পৃথক আলোচনায় বসেন। তবে কোন সিদ্ধান্ত ছাড়াই সেই আলোচনা শেষ হয়। ওই বৈঠকে উপস্থিত একজন জানান, ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং বিবদমান দুটি গ্রুপকে আইন - শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে কর্তৃপক্ষ ছাত্রদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, শীগগিরই এ ব্যাপারে কোন সমঝোতায় না এলে তাদের নেতাদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হবে এবং হলগুলোতে পুলিশী অভিযান চালানো হবে।
