জাবি উত্তপ্ত: অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রদল ও ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সংঘর্ষ, শিক্ষকসহ গুলিবিদ্ধ ১০
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের মধ্যে বন্দুকযুদ্ধসহ দফায়-দফায় সংঘর্ষ হয়েছে।
ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে এক শিক্ষকসহ কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। এর আগে ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আরো পাঁচজন আহত হয়।
ছাত্রদল ও ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দফায়-দফায় সংঘর্ষের জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্যাম্পাস এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিক এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান অভি গ্রুপের মধ্যে অভ্যন্তরণি কোন্দলের জের দরে বন্দুকযুদ্ধ হয়। এ সময় উভয়পক্ষে কমপক্ষে ৫০ রাউন্ড গুলিবিনিময় হয়।
এতে আহত হন শিক্ষক নাজমুল আহসান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক, ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্র“পের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক শামসুল আলম পলাশ, সালাম বরকত হল শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং কর্মী সোহেল ও ইমরান।
অপরদিকে সভাপতি গ্রুপের আহতরা হলেন কামালউদ্দিন হলের সাধারণ সম্পাদক নাজিম, ভাসানী হলের যুগ্ম সম্পাদক হিমেল এবং কর্মী ফরহাদ ও ইমি।
আহতদের অধিকাংশকেই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সূত্র জানায়, সংঘর্ষের খবর পেয়ে উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান এবং প্রক্টর অধ্যাপক সৈয়দ কামরুল হাসান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অপরদিকে মঙ্গলবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ৫ নেতা-কর্মী আহত হয়।
আহতদের মধ্যে ছুরিকাহত একজনকে আশংকাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি সোহেল পারভেজকে সভাপতি এবং মাহমুদ নাসের জনিকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা থাকলেও তা না করায় বিক্ষুব্ধ কর্মীরা ৩১ জুলাইয়ের মধ্যে কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে সময় বেঁধে দেয়। এ বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার ক্যাম্পাসের মেহের চত্বরে সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারণ কর্মীদের ক্ষোভের মুখে পড়েন। এক পর্যায়ে সভাপতি ও সাধারণ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে তিনজন আহত হয়।
আহতরা হলেন সজীব (সরকার ও রাজনীতি বিভাগ, ৩০ তম ব্যাচ), পুলক (ইংরেজি, ৩০ তম ব্যাচ) এবং চিশতী (আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ, ৩০ তম ব্যাচ)।
এদিকে একই ঘটনার জের ধরে ক্যাম্পাসের বটতলা এলাকায় সভাপতি গ্রুপের কর্মীরা সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত আশিককে (আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ, ৩৪ তম ব্যাচ) আশংকাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে ছাত্রদলের নেতা-কর্মীরা জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবকে পিটিয়ে গুরুতর আহত করে।
