ওআইসি’র বিশেষ সম্মেলনে যোগ দিতে বুধবার প্রধানমন্ত্রী কুয়ালালামপুর যাচ্ছেন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুয়ালালামপুরে ওআইসি’র এক বিশেষ সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে বুধবার ঢাকা ত্যাগ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান একথা জানিয়ে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠেয় ওই সম্মেলন মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতে ওআইসি’র বর্তমান চেয়ারম্যান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বাদায়ি এই বিশেষ সম্মেলন আহ্বান করেন।
মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ওআইসি সম্মেলন সূত্র জানায়, সম্মেলনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং সেখানকার সমস্যা সমাধানে একটি অভিন্ন কৌশল বের করার চেষ্টা করা হবে। সূত্র জানায়, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে নিয়ে একটি কমিটি গঠন করা হতে পারে। এ ছাড়া সম্মেলনে ইসরাইয়েলের কান্ডজ্ঞানহীন হামলার প্রতিবাদে সর্বসম্মত একটি নিন্দা প্রস্তাবও পাশ হতে পারে।
ওআইসি তার সদস্য দেশগুলোর প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানাতে পারে বলে সূত্র উল্লেখ করে।
এ ছাড়া সম্মেলনে লেবানন ও প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসনের শিকার ব্যক্তিদের পূনর্বাসন ও অবকাঠামো পূনঃনির্মাণের জন্য একটি বিশেষ তহবিল গঠনের কথাও চিন্তা করা হচ্ছে।
