১৫ দিন পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন পর মঙ্গলবার থেকে ক্লাশ শুরু হয়েছে। এ দিন ক্যাম্পাসে সবাইকে পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হয়। তবে শিক্ষার্থীর সংখ্যা ছিল খুবই নগণ্য।
কোনোরকম অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এদিকে ক্লাশ শুরুর প্রথম দিনেই ক্যাম্পাসে ছাত্রলীগ এবং ছাত্রদলের কর্মীরা শিবিরবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে।
জানা গেছে, স্থগিত পরীক্ষাসমূহের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হবে বলে নোটিশ দেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছাত্র সংগঠনগুলো কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ঠিকঠাকভাবেই শুরু হবে।
এদিকে সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির কাজ চলছে এবং কমিটিকে প্রতিবেদন পেশের জন্য আরও সাত দিন সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ছাত্র শিবির এবং ছাত্র লীগ সংঘর্ষে প্রায় শতাধিক আহত হয়। এ পরিস্থিতিতে ১৭ জুলাই ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।
