খুলনা ও সিরাজগঞ্জে র্যাবের ‘ক্রসফায়ারে’ ২ জন নিহত
খুলনা ও সিরাজগঞ্জে র্যাবের পৃথক ‘ক্রসফায়ারে’ মঙ্গলবার দুজন নিহত হয়েছে।
খুলনায় নিহত ব্যক্তি হলেন কথিত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম (৪০)। সিরাজগঞ্জে নিহতের নাম ইয়াকুব আলী (৩৫)। তিনি একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি র্যাব এর বরাত দিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব--৬ এর একটি দল সোমবার রাত পৌণে ১২টায় নগরীর নিরালা কাঁচাবাজার এলাকা থেকে শফিকুলকে গ্রেফতার করে।
তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা শফিকুলকে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্যে দৌলতপুর কারিকর পাড়া সেতুর কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা শফিকুলের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।
র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ‘ক্রসফায়ারে’ পড়ে ঘটনাস্থলেই শফিকুল নিহত হয়।
ঘটনাস্থল থেকে র্যাব একটি বন্দুক, একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শফিকুলের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি নিহত অপর শীর্ষ সন্ত্রাসী আসাদুজ্জামান লিটুর সহযোগী ছিলেন।
এদিকে বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কামারখন্দ উপজেলার ঝাওইল ইউনিয়নের মান্দাখোলা গ্রামে র্যাবের ‘ক্রসফায়ারে’ সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াকুব আলী নিহত হয়েছে। তিনি কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
র্যাব এর বরাত দিয়ে প্রতিনিধি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব--১২ এর একটি দল অপারেশন চীফ মেজর সোহেলের নেতৃত্বে সোমবার দুপুরে সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলা বাজার থেকে ইয়াকুব ও তার সহযোগী আযমকে গ্রেফতার করে।
ইয়াকুবের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের জন্যে মঙ্গলবার রাত সোয়া ২টায় মান্দাখোলা গ্রামের ব্রিজের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইয়াকুবের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও ককটেল নিক্ষেপ করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ‘ক্রসফায়ারে’ পড়ে ইয়াকুব ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া ককটেলের স্পিন্টারের আঘাতে দুজন র্যাব সদস্য আহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দু রাউন্ড গুলি এবং একটি ককটেল উদ্ধার করেছে।
র্যাব জানায়, ইয়াকুবের বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে।
