ফাঁকা হয়ে গেছে বুয়েট, চারদিকে শুধুই পুলিশ
বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। সোমবার বিকেল ৫টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার ক্যাম্পাসে গিয়ে শুধুমাত্র পুলিশ ছাড়া কোন শিক্ষার্থীর দেখা মেলেনি। চারদিকে অস্বাভাবিক রকম শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।
ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেনের কাছে কবে ক্লাশ শুরু হবে জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কিছু জানাতে পারেননি। উদ্ভূত ঘটনার পরিপ্রেক্ষিতে কোন তদন্ত কমিটি গঠিত হয়েছে কিনা এর জবাবে তিনি বলেন, তদন্ত কমিটি গঠনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থীদের ভাংচুরের ফলে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে বুয়েট শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে বুয়েট খুলে দেওয়ার দাবি জানিয়েছে। তারা পরীক্ষার নতুন তারিখ ঘোষণারও দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, টার্ম ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে শনিবার থেকে বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। রোববার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের এক সভায় পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরপরই রাতে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ জন আহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা হলে ব্যাপক ভাঙ্চুর করে। পরে সোমবার এক জরুরী বৈঠকে বিকাল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ এবং অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
