২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ও মেহেরপুর সীমান্তে বিডিআর ও বিএসএফ গুলিবিনিময়, নিহত ১

দিনাজপুর ও মেহেরপুর সীমান্তে মঙ্গলবার কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিবর্ষণে একজন বাংলাদেশী নিহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিহতের নাম রঞ্জিত রায় (৩৫)।

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জানায়, সকাল ৯টায় দিনাজপুর ১৫ রাইফেলস ব্যাটালিয়নের ভাইগড় সীমান্ত ফাঁড়ির অদূরে ২৯১ মেইন পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা রঞ্জিতকে ধরে নিয়ে গিয়ে ভারতের বিমপুর সীমান্ত ফাঁড়ির সামনে গুলি করে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা বিডিআরকে খবর দিলে তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং লাশ ফেরত দেওয়ার জন্য দাবি জানায়। ১৫ রাইফেলস ব্যাটালিয়নের ক্যাপ্টেন মনসুর আলী জানান, পতাকা বৈঠক বা লাশ ফেরত দেয়ার জন্য জোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে রোববার দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে ২৯৪ পিলারের নো-ম্যানস ল্যান্ডে বিএসএফরা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বিডিআর কড়া প্রতিবাদ জানায়।

অপরদিকে দাউদপুর সীমান্তের বলপাড়া ক্যাম্পের ভারতীয় বিএসএফ সদস্যরা সোমবার গভীর রাতে বাংলাদেশের চোরাকারবারীদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। মেইন পিলার ২৯০ সাব পিলার ২৪ এর কাছে বিএসএফ’র গুলিবর্ষণের পরিপ্রেক্ষিতে বিরামপুর কাটলা দাউদপুর ক্যাম্পের বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরাও দুই রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মেহেরপুর গাংনী উপজেলার কাজীপুর সীমান্তেও বিডিআর-বিএসএফ’র মধ্যে ১৩ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিআর জানায়, বিনা উস্কানিতে ভারতের পশ্চিম বাংলা রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর মহকুমার করিমপুর থানার ফুলবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ ১৪৬ মেইন পিলারের কাছে তিন রাউন্ড গুলি বর্ষণ করে। উত্তরে বিডিআরও ১০ রাউন্ড গুলি বর্ষণ করে।

কুষ্টিয়া মিরপুর সেক্টর কমান্ডার জানান, বিএসএফ বিনা কারণে জনবহুল এলাকায় গুলিবর্ষণ করায় আমরাও জবাব দিয়েছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।