কুড়িগ্রামে ভেস্তে যেতে বসেছে ভিজিডি কার্যক্রম: ৪ মাস ধরে রেশন বঞ্চিত ১৩ হাজার দুস্থ মহিলা
কুড়িগ্রাম জেলার ভিজিডি কার্ডধারী ১৩ হাজার বিত্তহীন মহিলা প্রায় চার মাস ধরে তাদের জন্য বরাদ্দ করা পুষ্টি আটা ও টাকা পাচ্ছেন না। অনাহারে - অর্ধাহারে থাকা এই মহিলারা প্রতিদিন আটা ও টাকার জন্য ইউনিয়ন পরিষদে ধর্না দিয়েও খালি হাতে ফিরে যাচ্ছেন। কবে নাগাদ আটা ও টাকা তাদের কাছে পৌঁছবে তা কেউ বলতে পারছে না।
মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এফএস ভিজিডি কর্মসূচির আওতাভুক্ত এসব দুঃস্থ মহিলা দীর্ঘদিন ধরে আটা ও টাকা না পাওয়ায় প্রশিক্ষণ নেওয়াসহ উৎপাদনমুখী বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে প্রকল্পের উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।
গত বুধবার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ নিয়ে তোপের মুখে পড়েন।
জানা গেছে, সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিত্তহীন মহিলা উন্নয়ন কর্মসূচির অধীনে কুড়িগ্রামের নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার ২৪ হাজার ৫৯৬ জন এফএস ভিজিডি কার্ডধারীকে দুই বছরের চক্রে জনপ্রতি মাসে ১৫ কেজি আটা ও ১৫০ টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে আটা ও ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে টাকা সরবরাহ করা হচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থার কাছ থেকে গম নিয়ে ব্র্যাক আটা তৈরির দায়িত্ব নেয়। কিন্তু অজ্ঞাত কারণে ব্র্যাক গমের বরাদ্দ নিয়েও পুষ্টি আটা তৈরি করছে না বলে অভিযোগ রয়েছে।
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফি জানান, তার ইউনিয়নের ৩২১ জন এফএস ভিজিডি কার্ডধারী গত এপ্রিল মাস থেকে পুষ্টি আটা ও টাকা পাচ্ছেন না।
ব্র্যাকের জনসংযোগ ব্যবস্থাপক কাজী আরিফ আনোয়ার এ ঘটনার কথা স্বীকার করে বলেন, লোডশেডিং ও অপ্রতুল বিদ্যুৎ সরবরাহের কারণে মে এবং জুন মাসে চাহিদা মতো পুষ্টি আটা তৈরি করা সম্ভব হয়নি।
