সোনারগাঁওয়ে হামদর্দ ল্যাবরেটরির ২০ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় মঙ্গলবার সন্ত্রাসীরা হামদর্দ ল্যাবরেটরি (ওয়াক্ফ) বাংলাদেশের ২০ লাখ ৪৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, হামদর্দ ল্যাবরেটরির কর্মচারীদের বেতন দেওয়ার জন্য প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা শাহীন, কোষাধ্যক্ষ মাসুদ, সেকশন কর্মকর্তা হারুন মেঘনাঘাট এলাকার প্রিমিয়ার ব্যাংক থেকে ২০ লাখ ৪৬ হাজার টাকা নিয়ে প্রতিষ্ঠানে ফেরার পথে মেঘনাঘাট প্রতাপের চর এলাকায় আট সদস্যের ছিনতাইকারী দল মাইক্রোবাস নিয়ে তাদের প্রাইভেট কারটির গতিরোধ করে। সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে কর্মকর্তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের দুই ঘন্টা আগে থেকে ছিনতাইকারীদের বহনকারী মাইক্রোবাসটি প্রতাপের চর এলাকার বসুন্ধরা পেপার মিলের সামনে অবস্থান করছিল।
হামদর্দ প্রতিষ্ঠানের ছিনতাইয়ের ঘটনায় সোনারগাঁও শিল্প এলাকার ৫০টি শিল্প প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ১৯৯০ সালে মেঘনা ঘাট এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার পর এ ধরনের ঘটনা এই প্রথম।
সোনারগাঁও থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনতাইকারীদের সনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
