সিরাজগঞ্জে র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের মান্দাখোলা গ্রামে র্যাবের ক্রসফায়ারে একজন সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহতের নাম ইয়াকুব আলী (৩৫)। সে কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল অপারেশন চীফ মেজর সোহেলের নেতৃত্বে সোমবার দুপুরে সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলা বাজার থেকে ইয়াকুব ও তার সহযোগী আযমকে গ্রেফতার করে।
ইয়াকুবের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের জন্য মঙ্গলবার রাত ২.১৫ মিনিটে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের মান্দাখোলা গ্রামের ব্রীজের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইয়াকুবের সহযোগীরা তাকে ছিনিয়ে নেবার উদ্দেশ্যে র্যাবকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে।
র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ক্রসফায়ারে পড়ে ইয়াকুব ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ককটেলের স্পিলিন্টারের আঘাতে দুইজন র্যাব সদস্য আহত হয়। র্যাব ঘটনাস্থল থেকে একটি ভারতীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ককটেল উদ্ধার করেছে।
র্যাব জানায় ইয়াকুবের বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে।
