কুষ্টিয়ায় এক ব্যবসায়ীর ওপর বোমা হামলা
কুষ্টিয়ায় এক ঠিকাদারকে লক্ষ্য করে, তার ব্যবসা প্রতিষ্ঠানে এবং একই সময়ে তার বাড়িতেও বোমা হামলা চালানো হয়েছে।
সন্ত্রাসীরা মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় রোববার রাত সাড়ে ৮ টায় কুষ্টিয়া শহরের বড় বাজারে ব্যবসায়ী হাজী লিয়াকত আলীকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন ওই ব্যবসায়ী । অপর বোমা হামলায় তার বাসভবন কালিশংকরপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে এ ঘটনার পরপরই র্যাব শহরের বিভিন্ন পয়েন্টে হেলমেটবিহীন মোটর সাইকেল চালানোর দায়ে পথচলতি মানুষদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর শুরু করে। তাদের লাঠির আঘাতে এসময় আহত হয় অন্তত ২৫ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বড় বাজারের এসসিবি রোডে অবস্থিত ব্রাদার্স এন্টারপ্রাইজের মালিক হাজী লিয়াকত আলী বসে কথা বলছিলেন। এ সময় একটি মোটর সাইকেলে করে দু’ সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে একটি বোমা ছঁড়ে মারে। বোমা হামলায় ব্যবসা প্রতিষ্ঠানের একাংশের পাইপ ও বিল্ডিংয়ের খানিকটা উড়ে যায়।
বোমা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে র্যাব ও পুলিশ কর্মকর্তারা ছুটে আসে। তারা জর্দ্দার কৌটা, লোহার ছোট বল এবং অন্যান্য আলামত জব্দ করে থানায় নিয়ে যান।
এদিকে, ঘটনার পরপরই ব্রাদার্স এন্টারপ্রাইজে খবর আসে শহরের কালিশংকরপুরে হাজী লিয়াকতের নিরাপত্তাবেষ্টিত ৪ তলা বাড়ীর দ্বিতীয়তলায় সন্ত্রাসীরা আরো একটি বোমা ছুঁড়ে মারলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কাঁচ ভেঙ্গে পড়ে এবং দেয়ালের বেশ কয়েক স্থানে ফাটল সৃষ্টি হয়।
হামলার পর হাজী লিয়াকত আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা-মিরপুর ভায়া কাচারীবাজার সড়কে এলজিইডির ১ কোটি ৫১ লাখ টাকার একটি সড়ক নির্মাণের কাজ নিয়ে ওই এলাকার প্রভাবশালী এক রাজনৈতিক নেতার সাথে বিরোধ চলছিল। ওই নেতার সন্ত্রাসী বাহিনী সপ্তাহ খানেক আগে তার কাছে চাঁদা চেয়ে হুমকি দেয়।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান হাবিব জানান, ঠিকাদারি কাজের ভাগ না পেয়ে একটি আলোচিত চরমপন্থী গ্র“প ত্রাস সৃষ্টি করতেই এ বোমা হামলা চালিয়েছে।
