কাহালুতে মসজিদের পুকুরের ইজারা নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ: পুলিশসহ ৫০ জন আহত
বগুড়ার কাহালু উপজেলার লক্ষীপুর গ্রামে মসজিদের পুকুর ইজারার টাকা ভাগাভাগি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে দু’টি বাড়িতে ব্যাপক ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মসজিদের পুকুর ইজারার টাকা নিয়ে লক্ষ্মীপুর পশ্চিমপাড়া এবং পূর্বপাড়ার বাসিন্দাদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল ৭টার দিকে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে উভয় পক্ষই বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে জোবেদ আলী ও মোবারক আলী নামে দুই ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।
কাহালু থানা পুলিশ জানায়, প্রায় দুই ঘন্টা সংঘর্ষ চলার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ইটের আঘাতে পিএসআই মোজাহার হোসেন ও আনসার মোফাজ্জল আহত হয়।
আহতদের মধ্যে রয়েছে কাহালু থানার পিএসআই মোজাহার হোসেন, আনসার সদস্য মোফাজ্জল, মাসুমা (৩ , আবদুল হাকিম (২০), জাকির হোসেন (১৫), মাহফুজার রহমান (২৫), আবুজার (১৮), খয়বর (৫০), শামসুল হক (৪৫), হারেজ উদ্দিন (২০), চাঁনমিয়া (২৫), নুরুল ইসলাম (৩০), সোবহান আলী (২০), আকবর হোসেন (৪০), খোদেজা (৪৫), শামসুন নাহার (৩০), নুরুন নাহার (৩৫), খয়ের আলী (৪০), আকবার আলী (৪৫), জাহানারা (৪৮), শফিকুল ইসলাম (৩৫) ও জিয়াউল হক (২৮)।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মামলা হয়নি।
