মঙ্গলবার থেকে রেজি. প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্ট ধর্মঘট, বৃহস্পতিবার ঐক্যজোটের অর্থমন্ত্রীর বাসা ঘেরাও
চার সপ্তাহ ধরে চলমান শিক্ষক আন্দোলনের ধারাবাহিকতায় এবার প্রায় ৯০ হাজার রেজিস্টার্ড প্রাথমিক শিক্ষক -- কর্মচারি মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের শিক্ষা ধর্মঘটে যাচ্ছে।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মনসুর গ্র“প) এই ধর্মঘটের ডাক দিয়েছে।
তাদের ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার মুক্তাঙ্গনে মহাসমাবেশ, একই দিন প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং আমরণ অনশন।
এদিকে শিক্ষক - কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বাধীন অংশ বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে। এছাড়াও তারা শিক্ষকদের ১০০ শতাংশ বর্ধিত বেতনের দাবিতে ঢাকায় ৬ আগস্ট মুক্তাঙ্গণে মহাঅবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে।
অন্যদিকে জাতীয় শিক্ষক -- কর্মচারি ফ্রন্ট দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার সকল জেলা সদরের প্রধান সড়ক ও নৌ-পথ অবরোধ।
পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার শিক্ষক কর্মচারিদের এসব সংগঠন তাদের কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে তারা দাবি পূরণ না হওযা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
