২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা: ছাত্ররা সবসময়ই মিথ্যা কথা বলে: সংবাদ সম্মেলনে উপাচার্য, ২য় লিড

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুয়েট কর্তৃপক্ষ সোমবার সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন। একইসঙ্গে বিকাল ৫টার মধ্যে ছাত্র - ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এদিকে এক সংবাদ সম্মেলনে বুয়েটের উপাচার্য ছাত্রদের মিথ্যাবাদী হিসেবে অভিহিত করে বলেছেন, আহত ছাত্ররা যে টিয়ার শেলের আঘাতেই আহত হয়েছে তার কোন প্রমাণ নেই। আর ক্যাম্পাস কবে খোলা হবে তা সময়ই বলে দেবে। পুলিশ কোনো ডরমিটরিতে প্রবেশ করেনি বলেও তিনি উল্লেখ করেন।

ক্যাম্পাস সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে সোমবারই বুয়েট শিক্ষকদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে রোববার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার পর সোমবার ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

সূত্র জানায়, সকালে বুয়েট শিক্ষকদের বৈঠক শুরু হওয়ার পর ১১ টায় প্রায় দেড়শ শিক্ষক পুরো ক্যাম্পাসের প্রতিটি হল ঘুরে ক্ষয় - ক্ষতির পরিমাণ দেখে অসন্তোষ প্রকাশ করেন। পরে তারা সাংবাদিকদের বলেন, ‘এরা ভাল ছাত্র হলেও ভাল মানুষ নয়’।

শিক্ষকরা শহীদ স্মৃতি হলে প্রবেশ করার সময় বাইরে অবস্থানরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালি -- গালাজ করে। তারা একই সঙ্গে নবীন শিক্ষকদের উদ্দেশ্যেও গালি দেয়।

প্রসঙ্গত, শহীদ স্মৃতি হলে রোববার রাতে শিক্ষার্থীরা শিক্ষকদের ১৫টি গাড়ি ভাঙ্চুর করে। শিক্ষকদের বাসা লক্ষ্য করে ছোঁড়া ছাত্রদের ইটের আঘাতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষকের স্ত্রী আহত হন।  

ক্যাম্পাস পরিদর্শন শেষে শিক্ষকরা আবার জরুরি বৈঠকে বসেন। প্রায় সাড়ে ৪ ঘন্টার বৈঠক শেষে শিক্ষার্থীদের বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এ নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তারা আবার ড. এমএ রশীদ হল এবং সোহরাওয়ার্দি হলে ভাঙ্চুর করে। পরে অবশ্য শিক্ষার্থীরা হল ত্যাগ করতে থাকে।

এদিকে বুয়েট কর্তৃপক্ষ রোববার রাতের সহিংস ঘটনার ব্যাখ্যা দিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মানুযায়ী তিন মাস টার্ম ক্লাশ শেষ হওয়ার পর পরীক্ষার সিডিউল দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে সোহরাওয়ার্দী হলে প্রভোস্ট এবং সহকারি প্রভোস্টকে আটক করে টেলিফোনে উপাচার্যের সাথে অশোভন আচরণ করা হয়। ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করা জন্যও রূঢ় ভাষায় দাবি জানানো হয়। এরপর রাত সাড়ে ৩ টায় ওই শিক্ষকদের উদ্ধার করা হয়। 

এদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বুয়েট কাউন্সিল ভবনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. আলী মুর্ত্তাজা বলেছেন, ছাত্ররা সবসময়ই মিথ্যা কথা বলে। কাজেই আহতরা যে টিয়ার শেলের আঘাতেই আহত হয়েছে তার কোন প্রমাণই নেই। ক্যাম্পাস কবে খোলা হবে - এ প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, তা সময়ই বলে দেবে। পুলিশ কোন ডরমিটরিতেও ঢোকেনি বলে তিনি জোরারোপ করেন।

বুয়েটের ঘটনায় কোন তদন্ত কমিটি গঠন করা হবে কিনা এ প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, শিক্ষকদের দাবি অনুযায়ীই তদন্ত কমিটি গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেন।

এদিকে সাধারণ শিক্ষার্থীরা হল বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়েছে। তারা পুলিশী হামলার প্রতিবাদে আবারো উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ দাবি করে।

হল ত্যাগের আগে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে এক সংবাদ সম্মেলন করে। সেখানে তারা সোহরাওয়ার্দী হল প্রভোস্টকে জিম্মি রাখার অভিযোগকে অস্বীকার করেন। তারা বলেন, প্রভোস্ট পরিস্থিতি দেখতে এলে এক পর্যায়ে তাকে রক্ষার জন্য ওই হলের শিক্ষার্থীরা রুমের তালা আটকে দিতে বাধ্য হয়। এ সময় প্রভোস্ট উপাচার্যকে ফোন করে পুলিশী অ্যাকশন বন্ধ করার অনুরোধ করেন এবং উপাচার্যকে বলেন, পুলিশী অ্যাকশন বন্ধ হলে তিনি বের হয়ে আসতে পারবেন। এরপরই পুলিশী অ্যাকশন বন্ধ হয় বলে শিক্ষার্থীরা দাবি জানায়। তারা তিতুমীর হলে পুলিশের রুম লক্ষ্য করে টিয়ার শেল ছোঁড়ার তীব্র প্রতিবাদ জানান। শিক্ষক কোয়ার্টারে গাড়ি ভাঙ্চুরের প্রসঙ্গে শিক্ষার্থীরা জানান, তারা সেখানে যাওয়ার পর শিক্ষকদের বাসা থেকে তাদেরকে লক্ষ্য করে চামচ, কাঁচের টুকরা এবং গরম পানি ফেলা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ভাঙ্চুর করে। তবে কর্তৃপক্ষ যে দাবি করছে তা সত্য নয়। তারা ৬টি গাড়ি ভাঙ্চুরের কথা স্বীকার করেছে।

আহত শিক্ষার্থীদের দেখতে উপাচার্য হাসপাতালে না যাওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষার্থীরা।          

এর আগে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে রোববার সকাল থেকে ক্যাম্পাসে আন্দোলন করে। এরই এক পর্যায়ে সন্ধ্যায় শিক্ষকদের এক মতবিনিময় সভায় পরীক্ষা নির্ধারিত সিডিউল অনুযায়ী ১ আগস্ট থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত বহাল রাখা হয়।

এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সাথে ধাওয়া -- পাল্টা ধাওয়া হয়। পুলিশ ছাত্রদের ওপর রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। লাঠিচার্জ করলে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (বুয়েট) এর ছাত্র ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এর আগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অজুহাতে ছাত্রদের দাবীর কারণে তারা পরীক্ষা পিছিয়েছিলেন।