চাঁদপুরে অস্ত্র মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন
চাঁদপুরের বিশেষ ট্রাইব্যুনাল আদালত - ২ সোমবার দুপুরে একটি অস্ত্র মামলার রায়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মহীউদ্দিন খান আলমগীরের এপিএস শাহ আলমসহ তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বিচারক মাহাবুব - উল - ইসলাম এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অপর দুই আসামি হচ্ছেন বাবুল মিয়া ও ঝুটন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের সাধারণ নির্বাচনের আগে সরকারি ঘোষণা অনুযায়ী ড. মহীউদ্দিন খান আলমগীরের এপিএস শাহ আলম তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা না দিয়ে বাবুল ও ঝুটনের সহযোগিতায় কচুয়া থানার গুতপুর গ্রামের মনছুরা বেগমের পুকুরে লুকিয়ে রাখে। পরে পুলিশ চার রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্রটি (শটগান) উদ্ধার করে। এ ব্যাপারে কচুয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
চার্জশিট দাখিলের পর ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত সোমবার আসামি তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি কামরুল ইসলাম, অতিরিক্ত পিপি সলিম উল্যা সেলিম, এপিপি মিজানুর রহমান ও এপিপি আমিন আহমেদ। আসামী মনছুরার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুক্তা। পলাতক আসামীদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
