২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ১৭ আগস্ট বোমা হামলা মামলায় ১৩ জন জেএমবি সদস্যের ১০ বছর সশ্রম কারাদণ্ড - (বিস্তারিত)

রাজবাড়ী স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের জজ সোমবার ১৭ আগস্টের বোমা হামলা মামলায় ১৩ জন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্যের প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 02:42 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

দণ্ডপ্রাপ্তরা হলেন, মামুন মোল্লা, খন্দকার হাফিজুল্লাহ ওরফে আনিছ, সোহাগ মৃধা, টিটু এবং নাসিম। সাজাপ্রাপ্তদের মধ্যে আরিফ, ওমর ফারুক, গোলাম মওলা, মো. ফারুক হোসেন মোল্লা, মো. বেলাল, মামুন, মুফতি আঃ রব ফরাজী এবং তোফাজ্জল হোসেন পলাতক রয়েছেন।

পলাতক আসামিরা যেদিন থেকে আদালতে আত্মসমর্পণ করবেন সেদিন থেকে তাদের সাজার মেয়াদ গণনা করা হবে।

রাজবাড়ী স্পেশাল ট্রাইবুনাল--২ আদালতের জজ শহিদুল্লাহ বকাউল সোমবার জনাকীর্ণ আদালতে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় ১১ জনকে এবং ৬ ধারায় দুইজনকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

স্পর্শকাতর মামলার রায় উপলক্ষে আদালত ও আশপাশের এলাকায় পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট রাজবাড়ীর আদালত চত্বর, রেলওয়ে স্টেশন, রেলগেট, রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড়, কোর্ট মসজিদ প্রাঙ্গন ও রেলওয়ে মাঠে ছয়টি স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।