২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, আহত ৩০, ২য় লিড

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের আকস্মিক হামলায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 11:55 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত পৌণে ৯ টার দিকে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় আন্দোলনরত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এক ঘন্টারও বেশী সময় ধরে দুপক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া -- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হয় কমপক্ষে ২০ থেকে ২৫ জন ছাত্র।

পরে বিক্ষুব্ধ ছাত্ররা এমএ রশিদ ও তীতুমীর হলসহ বিভিন্ন হলে ভাঙচুর চালায়।

রাত পৌনে ১১ টায় বুয়েট থেকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, বিক্ষুব্ধ ছাত্ররা উপাচার্য অধ্যাপক ড. আলী মোর্তজা ও সোহরাওয়ার্দী হলের প্রভোস্টকে অবরুদ্ধ করে রেখেছে। এদিকে পুলিশ আহসানউল্লাহ হলে প্রবেশ করে ছাত্রদের বেধড়ক পিটিয়ে কমপক্ষে আরো দশজনকে আহত করেছে। 

জানা গেছে, পরীক্ষার যথেষ্ট প্রস্তুতি না থাকার অজুহাতে আবারো পরীক্ষা পেছানোর দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা রোববার সকালে এই আন্দোলনে নামে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্বকাপ খেলার জন্য একবার প্রায় একমাস পরীক্ষা পেছানো হয়। তবে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা না পেছানোর ব্যাপারে অনড় বলে জানা গেছে। 

ছাত্রদের বিক্ষোভের মুখে পরিস্থিতি শান্ত রাখতে সকাল থেকেই ক্যাম্পাসে ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড.আলী মুর্ত্তাজা রোববার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের জানান,  কোনোভাবেই পরীক্ষা পেছানো হবে না এবং নির্দিষ্ট সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

তিনি সাংবাদিকদের বলেন, অল্প কয়েকজন শিক্ষার্থীর এ আন্দোলন অযৌক্তিক। তারা নিজেরাই নিজেদের দাবি কি তা জানে না। একমাস আগেই পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। তাদেরকে যথেষ্ট পরিমাণ সময়ও দেয়া হয়েছে প্রস্তুতির জন্য। 

তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান।   

ক্যাম্পাস সূত্র জানায়,  রোববার দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকেও পরীক্ষা সিডিউল অনুযায়ী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে সকল টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা।   

একটি সূত্র জানায়, ২০০৩ ব্যাচের দুজন ছাত্রকে সাসপেন্ড করার গুজবে রোববার সকালে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে পাঁচটি ভবনে তালা ঝুলিয়ে দেয়। ইলেক্ট্রিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবন, ড. রশীদ ভবন, সিভিল ভবন, ব্যাংক গেইট এবং উপাচার্যের বাসভবন সংলগ্ন ৫ নং গেইটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

পরে সকাল সাড়ে ৮ টায় প্রশাসনের পক্ষ থেকে এসব তালা ভেঙে ফেলা হয়। শিক্ষার্থীরা সকাল ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করে রাখে।

উপাচার্য অধ্যাপক আলী মুর্ত্তাজা এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেন শিক্ষার্থীদের কাছ থেকে নাম -- পরিচয় সংগ্রহ করার চেষ্টা করেন। 

এর আগে শনিবার সকালে শিক্ষার্থীরা একই ইস্যুতে প্রধান ফটক বন্ধ করে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এরপরেই কর্তৃপক্ষ প্রধান ফটক কেটে ফেলে। ফলে এখন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকটি আর নেই।