২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালান বৃদ্ধিতে সরকারের উদ্বেগ, সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

দেশের বিভিন্ন সীমান্ত, বন্দর এবং স্থলপথে চোরাচালান ও হুন্ডি ব্যবসা উদ্বেগজনকভাবে বেড়েছে। সরকারের পক্ষ থেকে এ অবস্থা নিয়ন্ত্রণে উদাসীনতার জন্য আইন প্রয়োগকারি ও গোয়েন্দা সংস্থাসহ সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 10:13 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

চোরাচালান প্রতিরোধে জাতীয় কমিটির রোববারের বৈঠকে চোরাচালান বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।

সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং নৌবাহিনীকে এই অপরাধ নিয়ন্ত্রণে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও সংশ্লিষ্ট দ্রব্যের চোরাচালান বিরোধী অভিযানের বিষয়েও অসন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠক সূত্র জানায়, ট্রাক ও গাড়ীসহ ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ, মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং অন্য বিভিন্ন দ্রব্য বাংলাদেশে চোরাচালান হচ্ছে।

অন্যদিকে মিয়ানমার থেকে বিভিন্ন চিকিৎসা সামগ্রী, ওষুধ এবং মাদক দেশে চোরাচালানের মাধ্যমে দেশে আসছে। এসবের সাথে অনেক সরকারি প্রতিষ্ঠানও জড়িত রয়েছে। আর্ন্তজাতিক নিষেধাজ্ঞার কারণে এসব পণ্য দেশে উৎপাদন হচ্ছে না।

বৈঠকে চোরাচালানের মাধ্যমে আসা গাড়ী ও ট্রাকের ভূয়া লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নাম্বার ইস্যুর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দায়ী করা হয়।

এছাড়া ক্রমবর্ধমান চোরাচালান নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বন্দর কর্তৃপক্ষ ও সীমান্তরক্ষী বাহিনীরও সমালোচনা করা হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চোরাচালানী ও হুন্ডি ব্যাবসায়ীদের একটি তালিকা তৈরীর জন্য বিভাগীয় টাস্কফোর্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বৈঠকের একটি সূত্র জানায়।

এছাড়া চট্টগ্রাম সমুদ্র ও বেনাপোল স্থল বন্দরে চোরাচালান প্রতিরোধের জন্য চারটি স্ক্যানার কেনা নিয়ে গত তিন বছর ধরে গড়িমসি করায় বৈঠকে হতাশা ব্যক্ত করা হয়। এর মাধ্যমে সরকার প্রতিবছর অতিরিক্ত ১৬শ’ কোটি টাকার রাজস্ব আয় করতে পারবে বলেও মত প্রকাশ করা হয়।

এছাড়াও সীমান্ত এলাকায় ট্রাক ব্যাবস্থাপনা বিষয়ে আলোচনার জন্য বৈঠকে নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য ভারতীয় ট্রাকগুলো বাংলাদেশ সীমানার দেড় কিলোমিটার ভেতরে প্রবেশ করতে পারে।