গাজীপুর পৌর কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ
গাজীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার আবদুল করিমের বিরুদ্ধে চাঁদাবাজির অফিযোগ এনে রোববার সন্ধ্যায় শতাধিক ব্যবসায়ী শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
বিক্ষোভকারীরা এ সময় পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করে অভিযুক্ত কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি দেন।
বিক্ষোভকারীরা জানান, ব্যবসায়ী সৈয়দ জহির আহসান জাহিদ গাজীপুর পৌরসভা থেকে টেন্ডারের মাধ্যমে ২৬ লাখ টাকা দিয়ে বাংলা ১৪১৩ সনের ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত কাঁচা বাজারের ইজারা নেন। কিন্তু জাহিদ রীতি অনুযায়ী ওই বাজারের টোল আদায় করতে গেলে করিম কমিশনার তাতে বাধা দেয়। এ ছাড়াও কমিশনার ও তার লোকজন গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে বাজার থেকে উঠিয়ে দেয়।
ইজারাদার জাহিদ সাংবাদিকদের জানান, কমিশনার তার কাছ থেকে প্রতিদিন পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। এতে তিনি রাজী না হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমিশনারের চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে রোববার শতাধিক ব্যবসায়ী শহরের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে আন্দোলনকারীরা রাজবাড়ি রোডের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় ও স্মারকলিপি দেন এবং জয়দেবপুর থানা ঘেরাও করে সেখানেও স্মারকলিপি দেন।
এ ব্যাপারে গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: মফিজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
এদিকে অভিযুক্ত কমিশনার আ: করিম চাঁদাবাজির কথা অস্বীকার করেন এবং জাহিদের লোকজন শহরের নিয়ামত সড়কে ৪ - ৫ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে বলে পাল্টা অভিযোগ করেন।
