উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও বিজিএমইএ ঘেরাও
রাজধানীর উত্তরার চালাবন গ্রামে কোরিয়ান মালিকানাধীন হ্যাচং করপোরেশন লিঃ ইউনিট - ১সহ ৮টি গার্মেন্টস কারখানার শ্রমিকরা রোববার সকালে উত্তরায় এক প্রতিবাদ সভার আয়োজন করে ও পরে কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয় ঘেরাও করে।
সকালে শ্রমিকরা আজমপুর নওয়াব হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন, হ্যাচং করপোরেশন লিঃ এর শ্রমিক ছাঁটাই বন্ধ, ন্যুনতম মজুরী তিন হাজার টাকা ঘোষণা, পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় আহত শ্রমিকদের জন প্রতি দুই লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
এদিকে সকাল সোয়া ৯ টায় গার্মেন্টস ঐক্য ফোরামের আহবায়ক শ্রমিক নেত্রী মোশারেফা মিশুর নেতৃত্বে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে কড়া পুলিশী পাহারায় বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি উত্তরা আজমপুর থেকে শুরু হয়ে রাজলক্ষ্মী, জসিমউদ্দিন রোড, জিয়া বিমানবন্দর, কাওলা বাসস্ট্যান্ড, নিকুঞ্জ খিলক্ষেত হয়ে কারওয়ান বাজারের বিজিএমইএ কার্যালয় ঘেরাও করার জন্য অগ্রসর হতে থাকলে কুড়িল বিশ্ব রোডে পুলিশ তাদের বাধা দেয়।
পরে শ্রমিকরা বাড্ডা রামপুরা প্রগতি সরণী রোড হয়ে বিজিএমইএ কার্যালয়ে পৌঁছায়। এই ঘেরাও কর্মসূচি সফল করার জন্য উত্তরার বিভিন্ন গার্মেন্টস কারখানা ও সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা রোববার সাধারণ ধর্মঘট পালন করেন।
বন্ধ হ্যাচং গার্মেন্টস খুলে দেয়া, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ এবং বৃহস্পতিবার পুলিশের লাঠিচার্জে অন্তঃসত্ত্বা এক মহিলা শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে তারা শনিবার মিছিল বের করে।
এ সময় পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ হলে ৫০ জন শ্রমিক আহত হয়। তার প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকরা রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেন।
হ্যাচং করপোরেশন’র শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়া ও শ্রমিক নির্যাতন বন্ধ করার দাবিতে বুধবারও এক দফা ঢাকা -- ময়মনসিংহ সড়ক অবরোধ করে। এর আগেও তারা কয়েক দফা আন্দোলন -- বিক্ষোভ করেছে। বেতন - ভাতা পরিশোধ না করেই গত ১৮ জুলাই মালিকপক্ষ আকস্মিকভাবে কারখানাটি বন্ধ করে দেয়। সেই থেকে শ্রমিক অসন্তোষ চলছে বলে জানা যায়।
