৪ জনকে হত্যার দায়ে রাজশাহীতে ১০ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার একটি হত্যা মামলার রায়ে ১০ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর দ্রুত বিচার আদালতে রোববার এই রায় ঘোষণা করেন বিচারক এ এফ এম আমিনুল ইসলাম।
রায়ে আসামী ১০জনের যাবজ্জীবন ও প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার কালিয়াকৌড় এলাকার তফিজউদ্দিন, ঠান্ডু, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, আবদুল লতিফ, জোবদুল, আবদুল হামিদ, সোহেল, রউফ ও আবদুল খালেক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৪ মে রাতে উল্লাপাড়ার কালিয়াকৌড় গ্রামের আবদুল হামিদের বাড়িতে আসামীরা অস্ত্রসহ হামলা চালায়। হামলাকারীদের অস্ত্রের আঘাতে গৃহকর্ত্রী নুরুন্নাহার, তার ছেলে নুরুল ইসলাম এবং প্রতিবেশী আফতাব ফকির ও মানিক নিহত হন। এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। সম্প্রতি মামলাটি রাজশাহীর দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। ৭৩টি কার্যদিবসে মোট ৫১ জনের সাক্ষ্য শেষে রোববার এই রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট কেতাবউদ্দিন। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল আলম শেলী।
