শিক্ষক -- কর্মচারী ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে শিক্ষা প্রতিমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা
চার সপ্তাহ ধরে চলমান শিক্ষক আন্দোলনের অন্যতম শিক্ষক -- কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বাধিন অংশ রোববার কুমিল্লায় চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ পালন করে।
সমাবেশ থেকে শিক্ষকদের ১০০ শতাংশ বর্ধিত বেতনের দাবি আদায়ে ঢাকায় ৬ আগস্ট মুক্তাঙ্গণে অনুষ্ঠেয় মহাঅবস্থানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে সেলিম ভূঁইয়া শিক্ষকদের চিড়া, গুড়, মুড়ি, ছাতা, গামছা নিয়ে ঢাকার মহাঅবস্থানে অংশ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে শিক্ষক নেতারা শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য রাখায় শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা প্রতিমন্ত্রীর আপসারণ দাবি করেন।
শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক সন্ধ্যায় শিক্ষক -- কর্মচারি ঐক্য পরিষদের শরীফুল ইসলাম অংশের শিক্ষকদের সাথে এক বৈঠকে বসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের ফলাফল জানা যায়নি।
এদিকে জাতীয় শিক্ষক -- কর্মচারি ফ্রন্ট পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সব বিভাগীয় জেলা ও উপজেলায় বিক্ষোভ ও মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাদের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে, ১ আগস্ট সব জেলা সদরের প্রধান সড়ক ও নৌ পথ অবরোধ। ফ্রন্ট নেতৃবৃন্দ তাদের ন্যায্য দাবি পূরণ না করা ও আন্দোলনে বিভাজন সৃষ্টিকারী দুটি চক্রান্তের বিরুদ্ধে শিক্ষক -- কর্মচারিদের সতর্ক থাকার আহ্বান জানান।
