স্ক্যানার কেনায় গড়িমসিতে হতাশ চোরাচালান প্রতিরোধে জাতীয় কমিটি
চট্টগ্রাম সমুদ্র ও বেনাপোল স্থল বন্দরে চোরাচালান প্রতিরোধের জন্য চারটি স্ক্যানার কেনা নিয়ে গত তিন বছর ধরে গড়িমসি করায় হতাশা ব্যক্ত করেছে চোরাচালান প্রতিরোধে জাতীয় কমিটি।
কমিটির ৩৮তম বৈঠকের পর রোববার কমিটির চেয়ারম্যান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং বেনাপোল স্থল বন্দরে স্ক্যানার স্থাপন করা হলে সরকারের রাজস্ব আয় ১৬০০ কোটি টাকা বাড়বে। কিন্তু এগুলো কেনার ব্যাপারে তিন বছর ধরে গড়িমসি চলায় প্রতিমন্ত্রী হতাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, চারটি স্ক্যানার কেনার খরচ ধরা হয়েছে ৩০০ কোটি টাকা।
তিনি বলেন, তহবিল দিতে দেরি করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠাবে।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, স্থল বন্দর কর্তৃপক্ষ, পুলিশ, আনসার ও বিডিআর এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চোরাচালান প্রতিরোধে জাতীয় কমিটির ৩৭ তম বৈঠকেও স্ক্যানার কেনার ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড অর্থ ছাড় করার ক্ষেত্রে অনাগ্রহ দেখায়। এতে কমিটির চেয়ারম্যান নিজেই অসন্তোষ প্রকাশ করেন।
প্রায় তিন বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে চোরাচালান রোধ করতে চারটি স্ক্যানার কেনার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব পাঠায়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র সচিবের এক মুখপাত্র বলেন, চোরাচালান ও অবৈধ অর্থ বাণিজ্য বন্ধের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করার ব্যাপারেও বৈঠকে গুরুত্বারোপ করা হয়েছে।
