২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সরকারি আযিযুল হক কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ, শিক্ষার্থী ও অভিবাবকরা ক্ষুব্ধ

বগুড়ায় সরকারি আযিযুল হক কলেজে রোববার ছাত্রদলের হস্তক্ষেপে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রদল নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এদিকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার মাত্র চার দিনের মাথায় ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, চলতি বছর কলেজের পুরাতন ভবনে বিজ্ঞান বিভাগে ৬শ’, বাণিজ্য বিভাগে ৩শ’ এবং মানবিক বিভাগে ৩শ’ আসনে ভর্তির জন্য গত ২৬ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। কিন্তু গত কয়েকদিন যাবত মেধা তালিকা অনুযায়ী ভর্তির পর রোববার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিল শেষে তারা পুরাতন ভবনের ইনচার্জ শাহজাহান আলীর সাথে সাক্ষাৎ করে ভর্তি প্রক্রিয়া বন্ধের জন্য তার ওপর চাপ সৃষ্টি করে। ফলে বাধ্য হয়েই শিক্ষকরা বেলা ১ টার দিকে ভর্তির কাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে ছাত্রদল নেতারা বলেন, পরিবেশ পরিষদের সভার সিদ্ধান্ত ছাড়াই এবার ভর্তির সময় ৫৪০ টাকা করে বেশি আদায় করা হচ্ছে। এ ছাড়া মেধাবীরা বাদ পড়ায় ভর্তি প্রক্রিয়া বন্ধের জন্য লিখিত আবেদন করা হয়েছে। তারা এ বিষয়ে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টির কথা অস্বীকার করেন।

ছাত্রলীগ আযিযুল হক কলেজ শাখা যুগ্ম আহবায়ক কামরুল হাসান ডালিম ছাত্রদলের হস্তক্ষেপে ভর্তি কার্যক্রম বন্ধ হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রদল তাদের সমর্থক ছাত্রদের ভর্তি করতে ব্যর্থ হয়েই এই অপকৌশল অবলম্বন করেছে।

ছাত্রশিবির শহর শাখার প্রচার সম্পাদক শাহীন মিয়া বলেন, ছাত্রদল তাদের কোটা পূরণ না হওয়ায় ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভর্তি কার্যক্রম অবিলম্বে চালু করার জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে কলেজের পুরাতন ভবনের ইনচার্য অধ্যাপক শাহজাহান আলী বলেন, ছাত্রদের একটি আবেদনের প্রেক্ষিতে ভর্তি প্রক্রিয়া আপাততঃ স্থগিত রাখা হয়েছে। তিনি কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেন।