২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করিনি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার বলেছেন, আমি পদত্যাগ করিনি। এছাড়া মন্ত্রণালয় বদলের কোনো প্রস্তাবও আমার কাছে আসেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিজের পদত্যাগের গুজব নিয়ে রোববার সবিবালয়ের দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার তার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর তিনি প্রথম সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেছেন।

সকাল সোয়া ৯টায় নিজ অফিসে আসার পর দিনভর তিনি ব্যস্ত সময় কাটান।

অভিযোগ রয়েছে, আনোয়ারুল কবির তালুকদার এ পদে নিযুক্ত হওয়ার কিছুদিন পর থেকেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী পদে পরিবর্তন আনার জন্যে আমলা এবং ব্যবসায়ী গোষ্ঠী সরকারের শীর্ষ পর্যায়ে তদবির করে আসছিল। কারণ তিনি দায়িত্ব নেয়ার পর দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন।

এ অবস্থায় বৃহস্পতিবার গুজব ছড়িয়ে পড়ে, যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে বদলি করার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মরতদের মধ্যে ৯৫ ভাগই সৎ, কর্মঠ ও দক্ষ। কিন্তু পাঁচ ভাগ মন্দ লোক রয়েছে।

বিদ্যুৎ বিভাগের সচিব এই মন্দ লোকদের মধ্যে পড়েন কি--না, জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আমার টেবিলে আসেনি।

সচিবের সঙ্গে কোনো মতবিরোধ আছে কি--না, জানতে চাইলে তিনি বলেন, কিছু কিছু বিষয়ে মত বিরোধ হতেই পারে। যে কোনো সংসারে এটি হতে পারে। সব বিষয়ে সবাই একমত হবেন, এমনটি আশা করাও ঠিক নয়।

দুর্নীতির বিষয়গুলো দুর্নীতি দমন কমিশনে পাঠাবেন কি--না, জানতে চাইলে তিনি বলেন, এগুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানোর পর্যায়ে যায়নি। সেরকম কিছু হলে পাঠানো হতে পারে।

তিনি বলেন, কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

বিদ্যুৎ বিভাগে বিদেশি প্রকৌশলীদের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, আমার নীতি হলো নিজেদের প্রকৌশলীদের বিশেষজ্ঞ করে গড়ে তোলা।

তিনি বলেন, একজন বিদেশি প্রকৌশলীকে মাসে হয়তো এক লাখ টাকা বেতন দিতে হয়। সেখানে দেশীয় একজন প্রকৌশীকে ১০ হাজার টাকা দিলেই চলে। তাহলে কেন অর্থ অপচয় করা হবে? তাছাড়া দেশীয় প্রকৌশলীরাই বিদ্যুৎ কেন্দ্রের মেরামত কাজ করতে পারলে কেন বিদেশি প্রকৌশলী আনতে হবে?