উত্তরাঞ্চলে বেসরকারি কলেজ শিক্ষক নিবন্ধীকরণ ফরমের সংকট, আবেদনকারীরা শংকায়
বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক নিবন্ধীকরণ (এনটিআরসিএ) ফরম সংকটের কারণে হাজার হাজার আবেদনকারীর মধ্যে শংকা দেখা দিয়েছে।
সরকার গত বছর থেকে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধীকরণ প্রথা চালু করে। এবার দ্বিতীয় বারের মতো ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিয়ম আনুযায়ী প্রতি বছর একবার এ নিবন্ধীকরণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকরাই শুধুমাত্র বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক পদে আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি বছরের পরীক্ষার জন্য ১৮ জুলাই থেকে বগুড়াসহ উত্তরাঞ্চলের অগ্রণী ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় নিবন্ধীকরণ ফরম বিক্রি শুরু হয়। কিন্তু হঠাৎ করে বগুড়ায় ফরম শেষ হয়ে গেলে রাজশাহী থেকে প্রথমে ১ হাজার এবং পরে আরো ৫শ’ ফরম আনা হয়। ওই চালানও শেষ হয়ে গেলে রোববার কুড়িগ্রাম থেকে আরো ৩শ’ ফরম আনা হয়। কিন্তু সেগুলোও রোববার বিকেল ৩টার মধ্যে শেষ হয়ে যায়।
এদিকে ফরম না থাকায় প্রতিদিনই প্রায় ৪শ’ থেকে ৫শ’ আবেদনকারী ফরমের জন্য ব্যাংকে এসে ফিরে যাচ্ছেন। একই অবস্থা রংপুর, রাজশাহী ও গাইবান্ধাসহ অন্যান্য জেলাগুলোতেও। আবেদনকারীরা এই সংকটের জন্য ব্যাংক কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। ঝামেলা এড়াতে ব্যাংক কর্তৃপক্ষ ফরম কম আনে বলে তারা অভিযোগ করেন।
এই সংকটের কারণে অনেকেই সঠিক সময়ে তাদের আবেদন পত্র জমা দিতে পারবেন না বলে আশংকা করছেন। ফরম পূরণের পর তা ৬ আগস্টের মধ্যে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা। কিন্তু ৪ ও ৫ আগস্ট সাপ্তাহিক ছুটির দিন থাকায়, শেষ মূহূর্তে ফরম সংগ্রহকারীরা নির্ধারিত সময়ে ফরম জমা দিতে ব্যর্থ হবেন বলে আশংকা করা হচ্ছে।
রংপুর থেকে আসা তবিবর রহমান জানান, রংপুরে ফরম না পেয়ে তিনি বগুড়ায় এসেছেন। কিন্তু বিকেল ৪টা পর্যন্তও ফরম না পেয়ে তিনি ফেরত যাচ্ছেন।
রাজশাহী থেকে আসা এনামুল কবির বলেন, চাকরিটাই এখন সোনার হরিণ, তার ওপরে ওই চাকুরীর যোগ্যতা পরীক্ষার ফরম না পাওয়ায় আমার মতো উত্তরাঞ্চলের হাজার হাজার শিক্ষিত বেকাররা হতাশ।
এ বিষয়ে বগুড়ার অগ্রণী ব্যাংক, থানা রোড শাখার ম্যানেজার রেজাউর রহমান বলেন, এ সংকট শুধু বগুড়ায় নয়, রাজশাহী, রংপুরসহ অন্য জেলাগুলোতেও রয়েছে। ফরমের জন্য ঢাকায় যোগাযোগ করা হয়েছে উল্লেখ করে বলেন, শীগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা করছেন।
