২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বিভিন্ন হাসপাতালে আরও ৫২ জন নতুন ডেঙ্গু রোগী, ঢাবিতে বিশেষ ব্যবস্থা

রাজধানী ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। রোববার নগরীর বিভিন্ন হাসপাতালে নতুন আরো ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৫২ জন ডেঙ্গু রোগীর মধ্যে হলি ফ্যামিলি হাসপাতালে ১৭ জন, কমফোর্ট নার্সিং হোমে একজন, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ৫ জন, পদ্মা জেনারেল হাসপাতালে একজন, মিটফোর্ড হাসপাতালে ৪ জন, সুমনা ক্লিনিকে ৬ জন, ঢাকা ন্যাশনাল হাসপাতালে একজন, প্রশান্তি হাসপাতালে একজন, খিদমাহ হাসপাতালে ৩ জন, শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালে একজন, শমরিতা হাসপাতালে ৫ জন, জাবাল-ই-নূর হাসপাতালে একজন, নিউ ঢাকা মডার্ন ক্লিনিকে একজন, মেঘনা জেনারেল হাসপাতালে ২ জন, নিবেদিতা নার্সিং হোমে একজন এবং বারডেম হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নতুন ৫২ জন নিয়ে এ পর্যন্ত ৮১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩২৫ জন। এর মধ্যে শনিবার ৩৩ জন পুরাতন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

ওই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে বাড়ি-ঘর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার উপদেশ দেওয়া হয়েছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা না বাড়লেও প্রতিদিনই বাড়ছে ভাইরাস জ্বর, টাইফয়েড এবং ডায়রিয়া। এ পর্যন্ত ঢাবিতে মোট ১০ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গিয়েছে বলে ঢাবি মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়।

এদের মধ্যে একজন ইবনে সিনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের সন্ধান পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রতিটি হলেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। দলটি ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধের জন্য কোথাও যেন পানি জমতে না পারে সে বিষয়ে মনিটর করবে।  

এদিকে প্রতিদিনই প্রায় ৫৫-৬০ জন ভাইরাস জ্বরে আক্রান্ত রোগী আসছে বলে মেডিকেল সেন্টার সূত্র জানায়।